প্রকাশিত: ৪৭ মিনিট আগে, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ
অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের ক্ষেত্রে অভিনেতার সম্মতি ও নিরাপত্তা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। নিজের একটি ছবির অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার পর চার দিন বাড়ি থেকে বের হতে পারেননি বলেও জানিয়েছেন তিনি। ওই ঘটনায় নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলেন অভিনেত্রী।
সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’-এ অভিনয় করেছেন রাধিকা আপ্তে। সিনেমাটিতে অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে কথা বলতে গিয়ে নিজের পুরোনো অভিজ্ঞতার কথা জানান তিনি। তাঁর ভাষ্য, ক্যামেরার সামনে কোনো দৃশ্যে অভিনয় করা এবং সেই দৃশ্য অনুমতি ছাড়া বাইরে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি সামলানো সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা।
রাধিকা জানান, ওই ক্লিপ ফাঁস হওয়ার পর তিনি চার দিন বাড়ি থেকে বের হননি। তাঁর আশঙ্কা ছিল, বিষয়টি দ্রুত ব্যক্তিগত পরিসরে পৌঁছে যেতে পারে এবং কেউ ক্ষুব্ধ হয়ে তাঁর বাড়ির বাইরে হাজির হতে পারেন।
ঘটনাটি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ থাকেনি বলেও জানান তিনি। রাধিকার ভাষ্য অনুযায়ী, তাঁর রূপটান শিল্পীর গাড়িচালকও ওই ক্লিপটি দেখেছিলেন এবং তাঁর বাড়িতে যাওয়ার বিষয়ে প্রশ্ন করেছিলেন। তাঁর বাড়ির নিরাপত্তারক্ষীর কাছেও ভিডিওটি পৌঁছে গিয়েছিল।
সেই সময়ে একা একটি ফ্ল্যাটে থাকতেন রাধিকা। নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে শেষ পর্যন্ত গাড়িচালক ও স্পটবয়কে ডেকে বিষয়টি জানান তিনি। রাধিকা তাদের বলেন, যদি তারা ওই পরিস্থিতিতে স্বচ্ছন্দ থাকেন এবং তাঁকে নিরাপত্তা দিতে পারেন, তবেই যেন তারা তাঁর সঙ্গে কাজ করেন। দুজনই তাঁকে আশ্বস্ত করেছিলেন বলে জানান অভিনেত্রী।
অন্তরঙ্গ দৃশ্যের শুটিং প্রসঙ্গে রাধিকা বলেন, কোনো দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে অভিনেতার সম্মতি থাকা এক বিষয়, আর সেই দৃশ্য নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তার প্রভাব সামলানো সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। তাঁর বক্তব্যে শুটিংয়ের সময় ব্যক্তিগত সীমা, সম্মতি ও নিরাপত্তার গুরুত্ব উঠে এসেছে।
বর্তমানে রাধিকা আপ্তেকে ‘লাস্ট স্টোরিজ ৩’-এ দেখা যাচ্ছে। এই সিরিজের প্রচারের সময়ই নিজের ক্যারিয়ারের ওই পুরোনো অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন তিনি।
মন্তব্য করুন