তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:২৩ পিএম

অনলাইন সংস্করণ

পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার ভোট, নভেম্বরে তফসিল

পরীক্ষাসহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য ভোটের প্রায় ৪০ থেকে ৪৫ দিন আগে, অর্থাৎ নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আসন্ন স্থানীয় নির্বাচন, উপনির্বাচনসহ সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা হচ্ছে না। পাবলিক পরীক্ষা শেষ হওয়ার পর জানুয়ারিতে নির্বাচন শুরু করার কথা ভাবছে কমিশন। পাবলিক পরীক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে হয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, এর আগে সম্ভাব্য নির্বাচনের তারিখ নিয়ে ভাবা হলেও পরে দেখা যায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম পিছিয়ে যাওয়ার বিষয়টিও বিবেচনায় এসেছে।

এ ছাড়া রমজান, ঈদ, পূজা, এসএসসি ও এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

সরকারের কোনো চাপে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ পেছানো হয়নি বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। তাঁর বক্তব্য অনুযায়ী, বাস্তবতা, আইন ও সংবিধানের বিষয় বিবেচনা করেই কমিশন নির্বাচনের সময় নির্ধারণ করছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন আইন ও সংবিধানের মধ্যে থেকেই কাজ করতে চায়। শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে সমস্যা না হয়, সেই বিষয়টিও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিবেচনায় রাখা হয়েছে।

তফসিল ঘোষণার আগ পর্যন্ত কোনো তারিখকে চূড়ান্ত হিসেবে ধরা যাবে না বলেও জানান ইসি আনোয়ারুল। তিনি বলেন, জানুয়ারিতে ভোট আয়োজন করা হলে তার প্রায় ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হতে পারে। সে হিসাবে নভেম্বরেই তফসিল দেওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনের বিদ্যমান আইনের বিষয়ে নির্বাচন কমিশন তাদের মতামত দিয়েছে বলেও জানান তিনি। এখন সরকার ও সংসদ এ বিষয়ে পরবর্তী বিষয়গুলো বিবেচনা করবে বলে জানান কমিশনার।

এর আগে সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। তবে পরীক্ষা ও অন্যান্য বাস্তবতা বিবেচনায় সময়সূচি পরিবর্তনের কথা পরে জানানো হয়েছে।

মন্তব্য করুন