বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১১:২২ এ এম

অনলাইন সংস্করণ

‘দয়া করে ওই ছবিগুলো মুছে দিন’

মুম্বাই বিমানবন্দরে পেছন থেকে ছবি তোলায় আপত্তি জানিয়েছেন মডেল-অভিনেত্রী ও সাবেক মিস ওয়ার্ল্ড মানুষী ছিল্লার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আলোকচিত্রীদের উদ্দেশে তিনি পেছন থেকে তোলা ছবিগুলো মুছে দেওয়ার অনুরোধ করেন।

বিমানবন্দরে গাড়ি থেকে নামার পর হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়ান মানুষী। আলোকচিত্রীদের জন্য পোজ দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে কথাও বলেন তিনি। তবে বিমানবন্দরে ঢোকার সময় পেছন দিক থেকে তার ছবি তোলা হচ্ছে দেখে আপত্তি জানান অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মানুষীকে বলতে শোনা যায়, ‘দয়া করে ওই ছবিগুলো মুছে দিন। পেছন থেকে তোলা ছবি দেবেন না।’

ভিডিওতে দেখা যায়, নিজের আপত্তির কথা বলার সময় মানুষীর কণ্ঠে রাগ বা উত্তেজনা ছিল না। বরং শান্তভাবেই তিনি আলোকচিত্রীদের অনুরোধ করেন। এরপরও তাদের জন্য পোজ দেন, হাত নেড়ে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন।

জানা গেছে, সেদিন দিল্লির উদ্দেশে মুম্বাই ছাড়ছিলেন মানুষী ছিল্লার।

বিমানবন্দরে তারকাদের ছবি তোলা বলিউডের দৈনন্দিন বিনোদনচর্চার একটি পরিচিত অংশ। তবে কোন পরিস্থিতিতে এবং কোন দিক থেকে ছবি তোলা হচ্ছে, তা নিয়ে মাঝেমধ্যেই তারকারা আপত্তি জানান।

সম্প্রতি ‘বিগ বস ২০’-এর একটি পর্বে অভিনেত্রীদের পেছন থেকে অস্বস্তিকর ছবি তোলা ও সেসব ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়ে কথা বলেন সালমান খান। এ ধরনের ছবির প্রতি দর্শকদের আগ্রহ এবং সেগুলো দেখা বা ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

মানুষী ছিল্লারই প্রথম নন, এর আগেও জাহ্নবী কাপুর, নেহা ধূপিয়া, আয়েশা খান, রশ্মি দেশাই ও শানায়া কাপুরসহ একাধিক অভিনেত্রী ছবি তোলার ধরন নিয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন।

মন্তব্য করুন