স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:২৭ এ এম

অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়া দলে পরিবর্তন, ওয়েদারাল্ড বাদ রেনশ অন্তর্ভুক্ত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের আগে দলে একমাত্র পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। ওপেনার জেক ওয়েদারাল্ডকে বাদ দিয়ে তাঁর জায়গায় দলে ডাকা হয়েছে ম্যাট রেনশকে।

ডারউইনে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর এই সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। ওই ম্যাচে দুই ইনিংসে যথাক্রমে ২৩ ও ০ রান করেন ওয়েদারাল্ড, যা তাঁর দল থেকে বাদ পড়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত বিবৃতিতে ওয়েদারাল্ডের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সিরিজ শুরুর আগে ঘোষিত ১৩ সদস্যের স্কোয়াড থেকেই এই পরিবর্তন করা হয়েছে।

প্রথম টেস্টে ব্যর্থতার পর থেকেই ওয়েদারাল্ডের জায়গা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাবেক ক্রিকেটাররা। গত মৌসুমে অ্যাশেজসহ ছয়টি টেস্টে ২০.৩৮ গড়ে ২২৪ রান করেছিলেন এই ওপেনার। কাউন্টি ক্রিকেটে খেলার সময় ব্যাটিং কৌশলে পরিবর্তন আনলেও বাংলাদেশের বিপক্ষে সেটির প্রতিফলন দেখা যায়নি।

অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও তাঁর ব্যাটিং কৌশলের পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, স্বল্প সময়ের পারফরম্যান্সের ভিত্তিতে মূল্যায়ন করা সবসময়ই কঠিন।

অন্যদিকে ২০২৩ সালের পর প্রথমবার টেস্ট দলে সুযোগ পাওয়া ম্যাট রেনশ দীর্ঘদিন ধরেই দলে ফেরার অপেক্ষায় ছিলেন। গত শেফিল্ড শিল্ড মৌসুমে তিনটি সেঞ্চুরিসহ ৪৯.৯০ গড়ে রান করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। টেস্টে তাঁর ব্যাটিং গড় ২৯.৩১ এবং সর্বোচ্চ ইনিংস ১৮৪ রান।

এই পরিবর্তনের মাধ্যমে ২০২৪ সালের শুরুতে ডেভিড ওয়ার্নারের অবসরের পর অস্ট্রেলিয়া মোট সাতজন ওপেনার ব্যবহার করল। ওপেনিং পজিশনে স্থিতিশীলতা খুঁজে পেতে দলটি এখনও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে।

আগামী শনিবার ম্যাকাইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই ম্যাচের সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড:
ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড, জস ইংলিশ ও স্কট বোল্যান্ড।

মন্তব্য করুন