তথ্য ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:০৭ এ এম

অনলাইন সংস্করণ

এক দশক পর ইনস্টাগ্রামের লোগোর বড় পরিবর্তন, হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত

এক দশকের বেশি সময় পর জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের নকশায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। অ্যাপটির ওপরের অংশে থাকা ‘ইনস্টাগ্রাম’ নামের লেখার ধরন বা ওয়ার্ডমার্কে পরিবর্তন আনার পর ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নতুন নকশা প্রকাশের পর অনেক ব্যবহারকারী অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, আগের নকশাই বেশি আকর্ষণীয় ছিল। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, তারা পুরোনো ইনস্টাগ্রামে ফিরে যেতে চান। আবার কেউ এই পরিবর্তনের জন্য দায়ীদের সমালোচনাও করেছেন।

তবে নতুন নকশার পক্ষে মতও রয়েছে। কিছু ব্যবহারকারী বলছেন, নতুন লেখার ধরনটি আরও পরিচ্ছন্ন ও আধুনিক। তাঁদের মতে, এটি আগের তুলনায় সরল হলেও সৃজনশীলতার ছাপ বহন করছে।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, ২০১৬ সালের পর অ্যাপটির ওপরের লেখায় কোনো পরিবর্তন আনা হয়নি। দীর্ঘ সময় পর নতুনত্ব আনতেই এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, নতুন নকশায় ইনস্টাগ্রামের পুরোনো পরিচিতির সঙ্গে আধুনিকতার সমন্বয় করা হয়েছে।

প্রতিষ্ঠানটির ডিজাইনবিষয়ক তথ্য অনুযায়ী, শুধু লেখার ধরনই নয়, ইনস্টাগ্রামের নিজস্ব ফন্টেও পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি নতুন দুটি ফন্ট যুক্ত করা হয়েছে, যার একটি হাতে লেখার মতো এবং অন্যটি সমান প্রস্থের অক্ষরভিত্তিক নকশায় তৈরি।

ডিজাইন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যক্তিস্বাতন্ত্র্যের প্রকাশ ঘটাতে নতুন নকশায় হাতে লেখার ছাপ রাখা হয়েছে। একই সঙ্গে লেখাকে আরও মোটা ও সরল করা হয়েছে, যাতে এটি ব্যবহারকারীদের কাছে সহজ ও আধুনিক মনে হয়।

নতুন এই পরিবর্তনের মাধ্যমে ইনস্টাগ্রাম তাদের দীর্ঘদিনের নকশায় নতুন মাত্রা যোগ করলেও, ব্যবহারকারীদের একাংশ এখনও পুরোনো রূপকেই বেশি পছন্দ করছেন।

মন্তব্য করুন