তথ্য ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৮ আগষ্ট, ২০২৬, ১০:৩৬ এ এম

অনলাইন সংস্করণ

সূর্যগ্রহণ দেখায় চোখের ক্ষতি: যুক্তরাজ্যে বহু মানুষ ভুগছেন তীব্র দৃষ্টিসমস্যায়

মহাজাগতিক ঘটনা সূর্যগ্রহণ দেখতে গিয়ে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে বহু মানুষ চোখের গুরুতর সমস্যায় ভুগছেন। সুরক্ষাবিহীনভাবে সরাসরি সূর্যের দিকে তাকানোর ফলে তাদের চোখে তীব্র ব্যথা, দৃষ্টিহীনতার আশঙ্কা এবং অন্যান্য জটিলতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

গত ১২ আগস্ট যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন অঞ্চলে একটি বিরল সূর্যগ্রহণ দেখা যায়। এই দৃশ্য উপভোগ করতে হাজার হাজার মানুষ বাইরে বের হন। তবে অনেকেই বিশেষ সুরক্ষা চশমা ব্যবহার না করে সরাসরি সূর্যের দিকে তাকান, যার ফলেই এই শারীরিক সমস্যার সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্রিটিশ নাগরিক চোখে তীব্র যন্ত্রণা ও দৃষ্টিসমস্যার কথা জানিয়েছেন। কেউ কেউ দাবি করেছেন, তাদের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে গেছে, এমনকি অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও করছেন।

চিকিৎসকদের মতে, এ ধরনের সমস্যার প্রধান কারণ হলো ‘সোলার রেটিনোপ্যাথি’—যা সূর্যের অতিবেগুনি ও অবলোহিত রশ্মির কারণে চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হলে ঘটে। এই রশ্মি চোখের ভেতরের টিস্যু পুড়িয়ে দিতে পারে এবং অনেক ক্ষেত্রে ক্ষতি স্থায়ী হয়ে যেতে পারে।

বিশেষজ্ঞরা জানান, সূর্যগ্রহণের সময় অনেকেই মনে করেন সূর্যের তেজ কম থাকে, কিন্তু বাস্তবে তখনও ক্ষতিকর রশ্মি সমানভাবে সক্রিয় থাকে। এ কারণে খালি চোখে সূর্যের দিকে তাকানো অত্যন্ত বিপজ্জনক।

সরাসরি সূর্য দেখার পর যে লক্ষণগুলো দেখা দিতে পারে, তার মধ্যে রয়েছে—চোখে জ্বালা ও ব্যথা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া, চোখের সামনে কালো দাগ দেখা এবং দৃষ্টিশক্তি আংশিক বা সম্পূর্ণ হ্রাস পাওয়া।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সূর্যগ্রহণ দেখার ক্ষেত্রে বিশেষ সোলার ফিল্টারযুক্ত চশমা ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তারা সতর্ক করে বলেছেন, সাধারণ সানগ্লাস বা রোদচশমা কোনোভাবেই নিরাপদ নয়।

যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ খালি চোখে সূর্যগ্রহণ দেখে যাঁরা সমস্যায় ভুগছেন, তাঁদের দ্রুত চক্ষুবিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন