তথ্য ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:০৯ পিএম

অনলাইন সংস্করণ

নিজের চাকরি বাঁচাতে লড়ছেন ৯০০ কর্মী ছাঁটাই করা সিইও গর্গ

চার বছর আগে ক্রিসমাসের প্রাক্কালে জুম কলে ৯০০ কর্মী ছাঁটাই করে আলোচনায় আসা বেটার ডট কম-এর প্রধান নির্বাহী বিশাল গর্গ এবার নিজেই সিইও পদ হারিয়েছেন। গত ৩ আগস্ট তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি পদ পুনরুদ্ধারে পরিচালনা পর্ষদের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছেন।

কোম্পানির পরিচালনা পর্ষদে মাত্র এক সপ্তাহ আগে, ২৭ জুলাই, যোগ দেন ড্যানিয়েল লুইস। পরবর্তীতে গর্গের স্থলাভিষিক্ত হয়ে তিনিই নতুন সিইও হিসেবে দায়িত্ব নেন। গর্গের অভিযোগ, লুইস কয়েক মাস ধরে তাকে ও বোর্ডকে বিভ্রান্ত করেছেন। কোম্পানির কৌশল ও ব্যয় সংকোচনের পরিকল্পনার প্রশংসা করে বোর্ডে প্রবেশ করলেও নিজের সিইও হওয়ার ইচ্ছার কথা তিনি গোপন রেখেছিলেন।

মহামারির সময় কম সুদের কারণে বেটার ডট কম-এর ব্যবসা দ্রুত সম্প্রসারিত হয় এবং একসময় কোম্পানিটির মূল্যায়ন ৮ বিলিয়ন ডলারে পৌঁছায়। তবে পরবর্তীতে সুদের হার বাড়লে রিফাইন্যান্সিং খাত ধসে পড়ে। ২০২১ সালে যেখানে বার্ষিক বিক্রি ছিল প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলার, ২০২৩ সালে তা নেমে আসে মাত্র ৭০ মিলিয়ন ডলারে। গর্গের দাবি, বর্তমানে কোম্পানি আবার ঘুরে দাঁড়াচ্ছে এবং চলতি বছরে বিক্রি প্রায় ২০০ মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এআই প্রযুক্তির মাধ্যমে মর্টগেজ প্রক্রিয়াকরণও দ্রুত করা হচ্ছে।

২০২১ সালের বিতর্কিত গণছাঁটাইয়ের ঘটনা এখনও গর্গকে তাড়া করে ফিরছে। ওই ঘটনার পর তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন এবং সাময়িক ছুটিতে যেতে বাধ্য হন। পরবর্তীতে একটি হুইসেলব্লোয়ার মামলার তদন্তে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে ২০২৩ সালে এসপিএসি একীভূতকরণের পর কোম্পানির শেয়ারদর প্রায় ৯৩ শতাংশ কমে যায়।

বর্তমানে গর্গ দাবি করছেন, নিজের এবং কিছু প্রাথমিক বিনিয়োগকারীর বিশেষ ভোটাধিকারসম্পন্ন ক্লাস বি শেয়ারের মাধ্যমে তিনি প্রয়োজনীয় সমর্থন পেয়েছেন। তিনি আইনজীবী অ্যালেক্স স্পিরোকে নিয়োগ দিয়ে ১৩ আগস্ট পরিচালনা পর্ষদের কাছে চিঠি পাঠিয়ে তাকে পুনরায় সিইও পদে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

গর্গ জানিয়েছেন, কোম্পানি লাভজনক না হওয়া পর্যন্ত তিনি বছরে মাত্র এক ডলার বেতনে কাজ করতে প্রস্তুত। পরিস্থিতি স্থিতিশীল হলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন বলেও উল্লেখ করেছেন।

মন্তব্য করুন