তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৫৬ মিনিট আগে, ০১:০৮ পিএম

অনলাইন সংস্করণ

দরিদ্র ও প্রান্তিক মানুষের চিকিৎসাসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধনের পর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে রোগ নির্ণয় করা গেলেও চিকিৎসকের মানবিক আচরণের কোনো বিকল্প নেই। তাঁর মতে, চিকিৎসক, রোগী ও রোগীর উদ্বিগ্ন স্বজন, এই তিন পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মানবোধ গড়ে তোলা জরুরি।

শিশুস্বাস্থ্য খাতে সরকারের বিশেষ মনোযোগের কথাও তুলে ধরেন তিনি। জানান, আগামী অক্টোবর মাসে দেশে আরও পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করা হবে। একইসঙ্গে তিনি মন্তব্য করেন, স্বাস্থ্য ও চিকিৎসাসেবা খাতের সার্বিক সাফল্য নির্ভর করে সংশ্লিষ্ট প্রতিটি মানুষের দায়িত্বশীল ভূমিকার ওপর।

এর আগে সকালে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনটির ফিতা কেটে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি দোয়া ও মোনাজাতেও অংশ নেন।

অনুষ্ঠানের একপর্যায়ে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন সরকারপ্রধান। পুরো আয়োজনজুড়ে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী, বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

মন্তব্য করুন