তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের চিকিৎসাসেবার পরিসর আরও বড় হলো। শনিবার (১৫ আগস্ট) সকালে হাসপাতালটির নবনির্মিত ১৫ তলা ভবন জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকাল ১০টায় অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে হাসপাতাল চত্বরে একটি বৃক্ষরোপণ করেন। এরপর দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ শেষে বেলুন ও পায়রা আকাশে উড়িয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ভবনটির দ্বার উন্মোচন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নতুন এই ৫০০ শয্যা যুক্ত হওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির মোট শয্যাসংখ্যা এখন ১ হাজারে পৌঁছাল, যা দেশের স্নায়ুরোগ চিকিৎসায় একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টদের দাবি অনুযায়ী, দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় পরিসরের নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।

উল্লেখ্য, ২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির যাত্রা শুরু হয়েছিল। রোগীর চাপ ক্রমাগত বাড়তে থাকায় পরবর্তীতে আরও ২০০ শয্যা সংযোজন করা হয়। এবার নতুন ১৫ তলা ভবনের মাধ্যমে যুক্ত হলো আরও ৫০০ শয্যা।

মন্তব্য করুন