তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০১:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

মাদারীপুরে মাদ্রাসাসংলগ্ন বাড়ির সামনে বোমা বিস্ফোরণ, আহত ৫ শিশু শিক্ষার্থী

মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসা-সংলগ্ন এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে কালকিনি পৌর এলাকার গোপালপুরে অবস্থিত দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালকিনি থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মাদ্রাসাসংলগ্ন ইমন সরদারের বাড়ির সামনে হঠাৎ বোমাটি বিস্ফোরিত হয়। এতে মাদ্রাসার ছাত্রী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনাসহ (৯) মোট পাঁচজন আহত হয়।

ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা ইমন সরদার বলেন, ‘আমার ঘরের সামনে কীভাবে বোমা বিস্ফোরিত হলো সেটি আমি জানি না।’

মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান বলেন, ‘মাদ্রাসা লাগোয়া জায়গায় হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৫ শিক্ষার্থী আহত হয়েছে।’

এ প্রসঙ্গে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, ‘বোমা বিস্ফোরণের ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।’

মন্তব্য করুন