আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:১৪ এ এম

অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ল, সরবরাহ নিয়ে শঙ্কা

প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১২টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২৭ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ১৪ ডলারে পৌঁছেছে। আগের সেশনে ব্রেন্টের দাম জুলাইয়ের শেষের পর সর্বোচ্চ অবস্থানে উঠেছিল।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪২ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ০৪ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে ডব্লিউটিআইয়ের দাম ১ শতাংশের বেশি বেড়ে ৮৫ দশমিক ৩৭ ডলারে উঠেছিল।

বাজার বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা এবং যুদ্ধবিরতি নবায়নের সম্ভাবনা কমে যাওয়ায় তেলের বাজারে অস্থিরতা বাড়ছে। তেহরানের কঠোর অবস্থান এবং ওয়াশিংটনের যুদ্ধবিরতি বাড়াতে অনীহা—এই দুই কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে। ফলে জ্বালানি বাজারে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে।

মন্তব্য করুন