প্রকাশিত: ৫৭ মিনিট আগে, ০৯:৫৬ এ এম
অনলাইন সংস্করণ
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে করা সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদ শেষ হওয়ার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র এই সমঝোতার মেয়াদ আর বাড়াতে আগ্রহী নয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে করা এই কাঠামোগত সমঝোতা নবায়নের কোনো পরিকল্পনা নেই। বরং তিনি তেহরানকে ‘আত্মসমর্পণের জন্য সাদা পতাকা ওড়ানোর’ আহ্বান জানান। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলেও দাবি করেন তিনি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই সমঝোতা হয়, যার মেয়াদ ছিল ৬০ দিন। বৃহত্তর একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে এই সময় নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত সময় শেষ হলেও কোনো পূর্ণাঙ্গ চুক্তি হয়নি।
সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের ‘গুরুতর লঙ্ঘনের’ কারণে এই আলোচনা প্রক্রিয়ার আর কোনো কার্যকারিতা নেই। তিনি সতর্ক করে বলেন, ইরানের ওপর হামলা হলে জবাব দিতে দেশটির বাহিনী প্রস্তুত রয়েছে।
ট্রাম্প দাবি করেন, ইরান চুক্তি করতে আগ্রহী হলেও যুক্তরাষ্ট্র যে ধরনের চুক্তি চায়, তাতে তারা সম্মত নয়। তার ভাষ্য, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না এবং এটাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য।
হরমুজ প্রণালি নিয়ে আগের বক্তব্য পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, নৌ অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র কার্যত এই গুরুত্বপূর্ণ জলপথ নিয়ন্ত্রণ করছে। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণার ধারণাকেও সমর্থন করেন।
ট্রাম্পের দাবি, মার্কিন পদক্ষেপের ফলে ওই অঞ্চলে তেল পরিবহন অব্যাহত রয়েছে এবং এর প্রভাব আন্তর্জাতিক বাজারে পড়ছে। তবে তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি যেকোনো সময় আরও কঠোর অবস্থানে যেতে পারে।
বিশ্লেষকদের মতে, সমঝোতার মেয়াদ শেষ হওয়া এবং উভয় পক্ষের কড়াকড়ি অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে।
মন্তব্য করুন