তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:২০ এ এম

অনলাইন সংস্করণ

বাদ পড়া এলাকায় হাম–রুবেলা টিকাদান জোরদার, মজুত ১৬ লাখ ডোজ ব্যবহারের সিদ্ধান্ত

প্রতীকী ছবি

দেশের যেসব ছোট ছোট এলাকায় এখনো শিশুদের হাম–রুবেলা টিকা দেওয়া হয়নি, সেসব এলাকায় বিশেষ উদ্যোগ নিয়ে টিকাদান কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে মজুত থাকা ১৬ লাখ ডোজ টিকা ব্যবহার করা হবে।

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির (আইসিসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

সভায় হামে আক্রান্তদের বয়সভিত্তিক বিশ্লেষণ তুলে ধরা হয়। সেখানে জানানো হয়, আক্রান্তদের ১০ শতাংশের বয়স ছয় মাসের কম, ৭৪ শতাংশের বয়স ছয় মাস থেকে ৫৯ মাসের মধ্যে। এছাড়া ১৪ শতাংশের বয়স ৫ থেকে ১০ বছর এবং বাকি ২ শতাংশের বয়স ১০ থেকে ১৪ বছর বা তার বেশি।

স্বাস্থ্যসচিব বলেন, কিছু এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশু এখনো টিকা পায়নি। এসব শিশুকে অগ্রাধিকার দিয়ে দ্রুত টিকাদান সম্পন্ন করা হবে।

এদিকে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা আরও কার্যকর করতে চিকিৎসা নির্দেশিকা ব্যাপকভাবে প্রচার এবং চিকিৎসকদের প্রশিক্ষণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৫ এপ্রিল থেকে ১৭ আগস্ট পর্যন্ত ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী ১ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৯১২ শিশুকে হামের এক ডোজ টিকা দেওয়া হয়েছে।

তবে পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত হামের উপসর্গে ৮১৫ জন এবং নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিহতদের বেশির ভাগই পাঁচ বছরের কম বয়সী এবং তাদের বড় অংশ কোনো ধরনের টিকা পায়নি।

মন্তব্য করুন