প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনবিরোধী বক্তব্য ও উসকানির অভিযোগে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ আসামি করা হচ্ছে। আগামী ২৪ আগস্ট তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৭ আগস্ট) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। নির্ধারিত দিনে কারাগারে থাকা এই তিন সাংবাদিককে আদালতে হাজির করা হলে এ মামলায় তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হবে।
প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালকে জানানো হয়, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা মামলায় বর্ণিত অপরাধে প্ররোচনা দিয়েছেন। ওই সংবাদ সম্মেলনটি তার চীন সফরকে কেন্দ্র করে সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়।
প্রসিকিউশনের অভিযোগ, ওই সম্মেলনে কোটা ইস্যু নিয়ে দেওয়া বক্তব্যে ‘রাজাকার’ শব্দ ব্যবহারের পর শিক্ষার্থীরা এটিকে অবমাননাকর হিসেবে দেখেন এবং সেদিন রাত থেকেই বিক্ষোভ শুরু হয়।
আরও অভিযোগ করা হয়, ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে এই তিন সাংবাদিক বিভিন্ন গণমাধ্যমে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে একটি ‘কাউন্টার-ন্যারেটিভ’ তৈরি করেন, যা আন্দোলন দমনে প্ররোচনামূলক ভূমিকা রাখে।
তৎকালীন সময়ে মোজাম্মেল হক বাবু একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ফারজানা রুপা ছিলেন চ্যানেলটির প্রধান প্রতিবেদক। শ্যামল দত্ত জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
মামলার পরবর্তী কার্যক্রম নির্ধারিত তারিখে আদালতে উপস্থিতির মাধ্যমে এগিয়ে নেওয়া হবে বলে জানা গেছে।
মন্তব্য করুন