প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় তিন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—পেশাদার ছিনতাইকারী অনিক, আকাশ ও চান্দি বাবু।
নিহত সীমান্ত দেওভোগ এলাকার শুক্কুরকারি মসজিদ গলির বাসিন্দা মো. আলম পারভেজের ছেলে। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১২ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে নগরীর দেওভোগে মিন্নত আলী শাহ সাহেবের মাজারের সামনে তাকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও এক হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ১৪ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের বাবা আলম পারভেজ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনা স্বীকার করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নাজিবুল্লাহ বিপু জানান, মামলায় মোট ২৭ জন সাক্ষীর মধ্যে ২৪ জন সাক্ষ্য দিয়েছেন। তাদের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে বিচারক এ রায় দেন। প্রায় ২০ মাসের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে রায় ঘোষণা করা হয়।
রায়ে সন্তোষ প্রকাশ করে নিহতের বাবা আলম পারভেজ বলেন, তার মতো আর কোনো পরিবার যেন এমন ট্র্যাজেডির শিকার না হয়। তিনি দ্রুত রায় কার্যকরের দাবি জানান।
মন্তব্য করুন