প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
শিশুদের মানসিক স্বাস্থ্য ও গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াসহ ৩০টি অঙ্গরাজ্যের করা মামলায় জুরি ট্রায়ালের মুখোমুখি হতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট মেটা। খবর বিবিসির।
ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে বিচারক ইভন গনজালেজ রজার্সের এজলাসে মামলার বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। মামলায় মেটার বিরুদ্ধে ফেডারেল ও অঙ্গরাজ্যের শিশু সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
বাদিপক্ষ এক ট্রিলিয়ন ডলারেরও বেশি জরিমানা দাবি করার পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যপদ্ধতিতে মৌলিক পরিবর্তনের দাবি জানিয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, প্ল্যাটফর্মগুলোর অ্যালগরিদম ও ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে শিশু ও তরুণ ব্যবহারকারীরা দীর্ঘ সময় অ্যাপে যুক্ত থাকে এবং আসক্ত হয়ে পড়ে।
অঙ্গরাজ্যগুলোর পক্ষ থেকে যেসব পরিবর্তনের দাবি জানানো হয়েছে, তার মধ্যে রয়েছে—‘লাইক’ সংখ্যা প্রদর্শন বন্ধ, ইনফিনিট স্ক্রল ব্যবস্থা বাতিল, ভিডিওর স্বয়ংক্রিয় প্লেব্যাক বন্ধ, অবাস্তব ইমেজ ফিল্টার অপসারণ, একাধিক অ্যাকাউন্ট তৈরির সুযোগ সীমিত করা এবং নির্দিষ্ট সময় পর মুছে যায় এমন কনটেন্ট (যেমন ইনস্টাগ্রাম স্টোরিজ) বন্ধ করা। এছাড়া অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য অভিভাবক যাচাইকরণ বাধ্যতামূলক করার প্রস্তাবও রয়েছে।
তবে মেটা শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, তরুণ ব্যবহারকারীদের সহায়তায় তাদের দীর্ঘদিনের প্রতিশ্রুতি রয়েছে এবং আদালতে তারা তাদের অবস্থান প্রমাণ করবেন।
এদিকে সম্প্রতি নিউ মেক্সিকোর একটি আদালত মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে এবং প্রতিষ্ঠানটির কিছু কার্যক্রমকে জনস্বার্থের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছে।
বিশ্লেষকদের মতে, ৩০টি অঙ্গরাজ্যের এই যৌথ মামলায় মেটা হেরে গেলে যুক্তরাষ্ট্রজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের ধরনে বড় ধরনের ও স্থায়ী পরিবর্তন আসতে পারে।
মন্তব্য করুন