প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশে টেলিযোগাযোগ সেবায় নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেছে এয়ারটেল। প্রতিষ্ঠানটি এখন থেকে ‘সার্কেল’ নামে কার্যক্রম পরিচালনা করবে। তরুণ প্রজন্মের সঙ্গে আরও ঘনিষ্ঠ সংযোগ তৈরি এবং সময়োপযোগী ডিজিটাল অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সময়ের সঙ্গে মানুষের যোগাযোগের ধরন বদলেছে। আগের মতো কেবল পরিচিত মানুষের মধ্যে সীমাবদ্ধ না থেকে এখন বন্ধুত্ব গড়ে ওঠে পারস্পরিক বোঝাপড়া, অনুভূতি ও বাস্তব সংযোগের ভিত্তিতে। এই পরিবর্তিত বাস্তবতা থেকেই ‘সার্কেল’ নামের যাত্রা শুরু।
বছরের পর বছর এয়ারটেল বাংলাদেশ তরুণদের জীবনযাত্রার সঙ্গে যুক্ত ছিল। কল বা মেসেজের সীমা ছাড়িয়ে এটি হয়ে উঠেছে তাদের গল্প, গান, আড্ডা ও সংস্কৃতির অংশ। সেই ধারাবাহিকতায় নতুন নামের মাধ্যমে আরও উন্নত সেবা ও অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন নামে কী থাকছে
‘সার্কেল’ জানায়, নতুন ব্র্যান্ডের অধীনে গ্রাহকরা আরও উন্নত ডিজিটাল সুবিধা, আকর্ষণীয় অফার এবং আধুনিক অভিজ্ঞতা পাবেন। তবে বিদ্যমান সেবা ব্যবস্থায় বড় কোনো পরিবর্তন আসছে না।
বর্তমান গ্রাহকদের জন্য ০১৬ নম্বর অপরিবর্তিত থাকবে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যাংক অ্যাকাউন্ট, লেনদেন এবং ব্যক্তিগত তথ্য আগের মতোই নিরাপদ থাকবে। অ্যাপ আপডেটের মাধ্যমে ‘My Cirkle App’ চালু করা যাবে এবং বিদ্যমান ডিজিটাল সেবাগুলোও নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করা যাবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরিবর্তনটি কেবল নামের—গ্রাহকদের সঙ্গে সম্পর্ক ও সংযোগের জায়গায় কোনো পরিবর্তন নেই। বরং বাস্তব ও অর্থবহ সংযোগকে আরও এগিয়ে নিতে ‘সার্কেল’ কাজ করবে।
নতুন এই ব্র্যান্ডিংয়ের মাধ্যমে তরুণদের জীবনধারার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ একটি ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
মন্তব্য করুন