তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:১৯ পিএম

অনলাইন সংস্করণ

‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান’, ৬ মাসের অর্জন তুলে ধরলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদী আমিন

ছবি: সংগৃহীত

বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাসে নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন। তিনি জানান, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে এখন ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করা হচ্ছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, গত ছয় মাসে পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। সমতা ও ন্যায্যতার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগবান্ধব নীতিমালা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ও প্রশাসন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের প্রতি জনগণের সমর্থনের কথা উল্লেখ করে মুখপাত্র বলেন, ভোটের কালি শুকানোর আগেই নির্বাচনি ইশতেহারের কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে।

তিনি আরও জানান, নগর পরিবহন ব্যবস্থার উন্নয়নে ২০০টি ইলেকট্রিক বাস আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক সংস্কার কার্যক্রম জোরদার করা হয়েছে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল প্রণয়নের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মাহদী আমিন বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদ-পরবর্তী ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে। দায়িত্ব গ্রহণের ছয় মাসে সরকার বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি।

মন্তব্য করুন