প্রকাশিত: ৯ জুন, ২০২৬, ১০:২৪ এ এম
অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগি বোঝাই ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজনই মুরগি বোঝাই ট্রাকের যাত্রী ছিলেন। তারা হলেন—জামালপুরের বকশিগঞ্জ উপজেলার আবুল হাকিমের ছেলে চালক নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলা উপজেলার মো. পলাশের ছেলে হেলপার রফিকুল ইসলাম (১৮), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মো. এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলার সেলিম মিয়ার ছেলে সুমন (২৬)। আহত হয়েছেন ঘাটাইল উপজেলার লক্ষীন্দরের আফসার আলী মন্ডলের ছেলে মো. জহিরুল ইসলাম (৪০), যিনি বাঁশ বোঝাই ট্রাকে ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, বাঁশ বোঝাই ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী একটি মুরগি বোঝাই ট্রাক পেছন থেকে এসে সেটিকে ধাক্কা দিলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে যায়।
সখীপুর থানার এএসআই মো. আল মামুন বলেন, ‘নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।’
মন্তব্য করুন