‎মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ৮ জুন, ২০২৬, ০৪:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

‎বিরামপুরে এলজিইডি'র উপ সহকারী প্রকৌশলীর ঘুষ সংক্রান্ত ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

‎দিনাজপুরের বিরামপুরে উপজেলা এলজিইডি কার্যালয়ের এক উপ সহকারী প্রকৌশলী'র বিরুদ্ধে ঘুষ নিয়ে দরকষাকষি শেষে অর্থ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলাজুড়ে চলছে সমালোচনার ঝড়। ভিডিওতে দেখা গেছে, উপ সহকারী প্রকৌশলী মোঃ হামিদুল ইসলাম জনৈক এক ঠিকাদারের কাছে রাস্তার কাজের বিষয়ে ঘুষ গ্রহণের টাকার এমাউন্ট নিয়ে দরকাষাকষি শেষে সেই ঠিকাদারের থেকে টাকা নিয়ে নিজের পকেটে রাখছেন। ভিডিও'র পাশাপাশি এ সংক্রান্ত একটি অডিও ক্লিপও পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত উপ সহকারী প্রকৌশলী'র থেকে লিখিত ব‍্যাখ‍্যা চাওয়া হয়েছে বলে উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে।

‎ভাইরাল হওয়া ভিডিও ও অডিও ক্লিপ নিয়ে বক্তব্য নিতে উপজেলা এলজিইডি কার্যালয়ে গিয়ে সেই উপ সহকারী প্রকৌশলীকে পাওয়া যায়নি। তিনি অসুস্থতার কথা বলে অফিস থেকে ছুটি নিয়েছেন বলে জানা গেছে। বক্তব্য নেবার জন্য তার ব‍্যবহৃত দুটি মোবাইল নম্বরে কল করলেও তা বন্ধ পাওয়া যায়।

‎উপজেলা এলজিইডি কার্যালয়ের একটি সূত্রে জানা যায়, উপ সহকারী প্রকৌশলী হামিদুল ইসলাম কম্পিউটার সংক্রান্ত অফিসিয়াল কাজ জানেন না এবং বিভিন্ন কাজের সাইট পরিদর্শনের জন্য তিনি মোটরসাইকেল চালাতে জানেন না। এতে করে সরকারি কাজের ক্ষেত্রেও বিঘ্ন ঘটে। নিজের দক্ষতা না থাকায় তিনি সহকর্মীদের সহযোগিতা নিয়ে উপ সহকারী প্রকৌশলী'র মতো গুরুত্বপূর্ণ পদের কাজগুলো করে থাকেন। বছরের পর বছর এমন গুরুত্বপূর্ণ পদে অদক্ষ কর্মকর্তা বহাল থাকার বিষয়েও জনমনে প্রশ্ন উঠেছে।

‎এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আতাউর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া উপ সহকারী প্রকৌশলী হামিদুল ইসলামের ভিডিও'র বিষয়টি তিনি জেনেছেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি অবগত করেছেন। ইতিমধ্যেই এ বিষয়ে তার কাছে লিখিত ব‍্যাখ‍্যা চাওয়া হয়েছে। এছাড়াও অফিসিয়ালি বিষয়টি তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন