তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৪ মে, ২০২৬, ০৭:১৬ পিএম

অনলাইন সংস্করণ

বান্দরবানে সীমান্তের কাছে মাইন বিস্ফোরণ, নিহত ৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে শক্তিশালী স্থলমাইন বিস্ফোরণে তিন চাকমা শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায়, বাংলাদেশের অভ্যন্তরে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহতরা হলেন ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়াপাড়া গ্রামের লেয়ারা চাকমা (৪১), অংকেমং চাকমা (৫০) এবং চিংকা অং চাকমা (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের খবর পাওয়ার পর একটি স্বেচ্ছাসেবী উদ্ধারদল ঘটনাস্থলে রওনা দেয়। দুপুর আড়াইটার দিকে তারা সেখানে পৌঁছে তিনজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের ধারণা, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির পুঁতে রাখা এই মাইনের বিস্ফোরণেই তাদের মৃত্যু হয়েছে।

নিহতরা ওই এলাকায় কলাবাগানে কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন বলে একটি সূত্র জানিয়েছে। তবে অপর একটি সূত্রের দাবি, তারা সীমান্ত দিয়ে পণ্য আনতে গিয়েছিলেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. এনামুল হাসান ও থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সীমান্তবর্তী দুর্গম এলাকা হওয়ায় মরদেহ পৌঁছাতে সময় লাগছে। বিজিবি, চৌকিদারসহ স্থানীয়রা ঘটনাস্থলে রয়েছেন এবং উদ্ধার তৎপরতা চলছে।

স্থানীয় বাসিন্দারা সীমান্তসংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন