প্রকাশিত: ১১ মে, ২০২৬, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
সোমবার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পেতে যাচ্ছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে ইতোমধ্যে বেতনের অর্থ স্থানান্তর করা হয়েছে এবং সন্ধ্যার মধ্যে তা সংশ্লিষ্টদের হিসাবে পৌঁছে যাবে।
মাউশির অর্থ ও ক্রয় বিভাগের পরিচালক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী সোমবার সাংবাদিকদের বলেন, রোববার শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটিতে যুক্ত করা হয়েছে। সোমবার সন্ধ্যার মধ্যে সবার ব্যাংক অ্যাকাউন্টে বেতনের অর্থ চলে যাবে।
তবে পবিত্র ঈদুল আজহা সামনে রেখে প্রতীক্ষিত উৎসব ভাতা এখনও অনুমোদন পায়নি। মাউশি সূত্রে জানা গেছে, ছুটি শুরুর আগেই এ সংক্রান্ত প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলেও সোমবার পর্যন্ত চূড়ান্ত সবুজ সংকেত মেলেনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিপুল সংখ্যক এই বোনাসের অর্থ ছাড় করতে আরও কিছু প্রক্রিয়া বাকি।
এ প্রসঙ্গে পরিচালক আরও বলেন, ৩ লাখ ৮৭ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে জিও জারি করা হবে। এরপর আইবাসের ডাবল-প্লাস সফটওয়্যারে পাঠানো হবে।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের বিল সাধারণত সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা অনলাইনে দাখিল করেন। যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে তা ব্যাংক চ্যানেলে ছাড়া হয়। ঈদ বোনাসের ক্ষেত্রেও একই পথ অনুসরণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন