প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতিকে ‘ভুল’ বললেন ইসরাইলি মন্ত্রী

ইরানের বিরুদ্ধে ৪০ দিনের যৌথ আগ্রাসনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ যুদ্ধবিরতি ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই তাকে ‘ভুল সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছে ইসরায়েল।

ইসরায়েলের ডায়াসপোরা বিষয়ক মন্ত্রী ও শাসক দল লিকুদের সদস্য আমিচাই চিকলি স্থানীয় গণমাধ্যমকে বলেন, এই সময়ে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যাওয়া একটি ভুল ছিল। তিনি ১০৩এফএম রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, জাপানি সাম্রাজ্য বা নাৎসি জার্মানির মতো দেশগুলোকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করতে হয়।

চিকলির মতে, এই যুদ্ধবিরতি টিকে থাকার সম্ভাবনা মাত্র ৫০ শতাংশ। যুদ্ধবিরতি ঘোষণার পর পাকিস্তানের নেতৃত্বে তুরস্ক ও মিশর মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্থায়ী শান্তি চুক্তির আলোচনা চলছে।

ইসরায়েলের এই অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে, যুক্তরাষ্ট্রের একতরফা যুদ্ধবিরতি ঘোষণা তাদের কৌশলগত লক্ষ্যের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও জানিয়েছিলেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং ইরানের সঙ্গে যুদ্ধবিরতি লেবাননকে অন্তর্ভুক্ত করে না।

বর্তমান পরিস্থিতিতে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রচেষ্টা সত্ত্বেও আঞ্চলিক উত্তেজনা কমছে না। ইসরায়েলের এই মন্তব্য যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে নতুন করে সংশয় তৈরি করেছে।

মন্তব্য করুন