তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৭:০৭ পিএম

অনলাইন সংস্করণ

অনিশ্চয়তায় ভারতীয় দলের বাংলাদেশ সফর

সংগৃহীত ছবি

আগামী ক্রিকেট ক্যালেন্ডারে বাংলাদেশে ভারতীয় দলের সম্ভাব্য সফর অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আইসিসি-এর ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী, আগস্ট-সেপ্টেম্বর মাসে দুই দলের মধ্যে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল।

তবে সাম্প্রতিক সময়ে মোস্তাফিজুর রহমান-কে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্ক কিছুটা টানাপোড় চলছে। এর মধ্যেও বিসিবি বিসিসিআই-র সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে এবং ইতোমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। তবে এখনও বিসিসিআই-র কোনো উত্তর পাওয়া যায়নি। তাই দ্বিপাক্ষিক সিরিজটি বাংলাদেশে অনুষ্ঠিত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

জাতীয় দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল সংবাদমাধ্যমকে বলেন, “দ্বিপাক্ষিক সিরিজগুলো তো এফটিপির অংশ। গত বছর যে সিরিজ হওয়ার কথা ছিল, সে সিরিজটা এই বছর আনা হয়েছে। যত সময় যাবে, যেকোনো বোর্ডের সঙ্গে কিন্তু আমাদের যোগাযোগ প্রতিনিয়ত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একটা চিঠি ইস্যু করা হয়েছে বিসিসিআইকে। চিঠির আপডেট এখনও জানি না।”

অন্যদিকে, ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেটদলের। নাফিস ইকবাল বলেন, নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। “এখন স্কিল, ফিটনেস, ফিল্ডিং সবই হচ্ছে।” এই সফরে ব্ল্যাকক্যাপসরা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

মন্তব্য করুন