প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ
সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে তীব্র সমালোচনা করেছেন সারোয়ার তুষার। তিনি অভিযোগ করেছেন, বর্তমান সরকার ঘোষিত সংস্কারের একটি বড় অংশ কার্যত নষ্ট করে ফেলেছে।
সোমবার (৬ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ‘জুলাই সনদ ও গণভোট হ্যাঁ বাস্তবায়ন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
বক্তব্যে তুষার বলেন, “সরকার ইতোমধ্যে সংস্কারের ৪০ শতাংশের কবর রচনা করেছে।” তিনি আরও অভিযোগ করেন, সরকার কৌশলে জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং কিছু সিদ্ধান্ত গোপনে বাস্তবায়ন করছে।
অধ্যাদেশ সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, যেসব অধ্যাদেশ সরকারের ক্ষমতা বাড়ায় সেগুলো দ্রুত আইনে পরিণত করা হয়েছে। অন্যদিকে যেসব অধ্যাদেশে জনগণের কাছে জবাবদিহিতার বিষয় রয়েছে, সেগুলো বাতিল করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংসদের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন এই এনসিপি নেতা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতি থাকা সত্ত্বেও অন্য একজন মন্ত্রী সংসদ নেতার হয়ে বক্তব্য দিচ্ছেন, যা সংসদীয় প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি করে।
এ সময় তিনি আইনমন্ত্রীর সমালোচনা করেন এবং সরকারের বক্তব্যে অসত্য তথ্য উপস্থাপনের অভিযোগ তোলেন।
মন্তব্য করুন