প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ
হলিউড অভিনেতা ম্যাথু পেরির মৃত্যুর জন্য প্রাণঘাতী মাদক কেটামিন সরবরাহের দায়ে ‘কেটামিন কুইন’ নামে পরিচিত জাসভিন সাংঘাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
গত বছরের সেপ্টেম্বরে পাঁচটি অভিযোগে দোষ স্বীকার করার পর যুক্তরাষ্ট্রের আদালত বৃহস্পতিবার এই রায় ঘোষণা করে। অভিযোগে বলা হয়, সাংঘার সরবরাহ করা কেটামিন সেবনের ফলেই ২০২৩ সালের অক্টোবরে ৫৪ বছর বয়সী ‘ফ্রেন্ডস’ তারকা পেরি লস অ্যাঞ্জেলেসের বাড়ির হট টাবে মৃত অবস্থায় পাওয়া যান। তদন্তকারীরা নিশ্চিত করেছেন, তাঁর মৃত্যু কেটামিনের অতিরিক্ত মাত্রার কারণে হয়েছে।
সাংঘা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক। তাঁর নর্থ হলিউডের বাসভবনকে আদালত ‘মাদক বিক্রির আড্ডাখানা’ বলে বর্ণনা করেছে। সেখানে ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের কাছে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করা হতো। কেটামিন একটি ডিসোসিয়েটিভ অ্যানেস্থেটিক যার হ্যালুসিনোজেনিক প্রভাব রয়েছে এবং এটি শুধু চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহারযোগ্য।
আদালতে পেরির স্বজনরা বক্তব্য দেওয়ার সময় সাংঘা কান্নায় ভেঙে পড়েন। পরে তিনি বলেন, তাঁর ভুল সিদ্ধান্ত বহু মানুষের জীবন ধ্বংস করেছে এবং তিনি গভীরভাবে লজ্জিত ও দুঃখিত। তবে বিচারক বলেন, গ্রেপ্তারের পর থেকে তিনি কোনো অনুশোচনা দেখাননি। পেরির সৎমা ডেবি পেরি সর্বোচ্চ শাস্তির আবেদন জানান।
১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত এনবিসিতে প্রচারিত জনপ্রিয় সিটকম ‘ফ্রেন্ডস’-এ চ্যান্ডলার বিং চরিত্রে অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি লাভ করেন ম্যাথু পেরি। সিরিজ চলাকালেই তিনি মাদকাসক্তির সঙ্গে লড়াই শুরু করেন।
রায় ঘোষণার পর আদালত জানায়, সাংঘাকে তাঁর অপরাধের পূর্ণ জবাব দিতে হবে। এই ঘটনা হলিউডের মাদকাসক্তি ও অবৈধ মাদক ব্যবসার অন্ধকার দিকটিকে আবারও সামনে এনেছে।
মন্তব্য করুন