নাজমুল হুদা

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১২:৫০ পিএম

অনলাইন সংস্করণ

জাতীয় মানবাধিকার কমিশন আইন পুনঃপ্রচলন বিল সংসদে পাস

ফাইল ছবি

বিরোধী দলের আপত্তি উপেক্ষা করে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করে ২০০৯ সালের আইন পুনঃপ্রচলনের বিল জাতীয় সংসদে পাস হয়েছে।

বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে আইনমন্ত্রী আসাদুজ্জামান ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ কণ্ঠভোটে পাস করেন।

বিল উত্থাপনের সময় জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তীব্র আপত্তি জানান। তিনি বলেন, ২০২৫ সালের অধ্যাদেশ ল্যাপস করিয়ে এই আইন পাস করা হলে জাতীয় মানবাধিকার কমিশন আবারও রাজনৈতিক দমনপীড়নের হাতিয়ারে পরিণত হতে পারে। তিনি আরও বলেন, যারা এখন সরকারি বেঞ্চে রয়েছেন, ২০২৪ সালের জুলাইয়ের আগে এই বিলের বিরোধিতা করতেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিল নিয়ে আলোচনার জন্য মাত্র দুই মিনিট সময় দেওয়া হয়েছে, যা যথেষ্ট নয়। তিনি স্পিকারের কাছে সময় বাড়ানোর অনুরোধ জানান। স্পিকার প্রথমে অতীতের নজির উল্লেখ করলেও পরে তাঁকে আরও দুই মিনিট সময় দেন।

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানও বিলের ওপর আরও আলোচনার সময় বাড়ানোর পক্ষে মত দেন। তিনি বলেন, বিষয়টি স্বচ্ছ রাজনীতি ও মানুষের জীবনের নিরাপত্তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।

বিল পাসের ফলে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশটি বাতিল হয়ে গেছে এবং ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রণীত জাতীয় মানবাধিকার কমিশন আইন আবার কার্যকর হচ্ছে।

বিরোধীদের দাবি ছিল, বিলটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা ও সংশোধনী আনার সুযোগ দেওয়া হোক। কিন্তু সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতায় তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

মন্তব্য করুন