প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১১:৪৫ এ এম
অনলাইন সংস্করণ
মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন অকটেন নিয়ে বাংলাদেশে পৌঁছেছে অয়েল ট্যাংকার ‘এমটি সেন্ট্রাল স্টার’।
বুধবার ৮ এপ্রিল রাত সাড়ে আটটার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে। জাহাজটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী।
জাহাজের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস জানিয়েছে, বৃহস্পতিবার ৯ এপ্রিল সকালে পতেঙ্গার ডলফিন জেটিতে খালাসের জন্য বার্থিং করা হবে।
প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা অংশীদার মো. নজরুল ইসলাম বলেন, জাহাজটি ইতিমধ্যে বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এবং এতে ২৭ হাজার টন অকটেন রয়েছে। সকালে খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুসারে, মার্চ মাসে জ্বালানি নিয়ে মোট ৩৩টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছিল। এর মধ্যে বিভিন্ন ধরনের জ্বালানি তেল নিয়ে ১৫টি, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নিয়ে আটটি এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস নিয়ে নয়টি জাহাজ এসেছিল।
এই অকটেন আমদানির ফলে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন