প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ
জ্বালানি সংকট, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার কথা বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় করোনাকালের মতো আবার অনলাইন ক্লাস ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। তবে এবার শুধু অনলাইন নয়, অনলাইন ও অফলাইন সমন্বিত ব্লেন্ডেড পদ্ধতিতে ক্লাস চালু হবে।
বৃহস্পতিবার ৯ এপ্রিল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। তিনি বলেন, আগামী সপ্তাহ থেকেই পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি শুরু হবে। প্রথমে সক্ষমতাসম্পন্ন নির্বাচিত কয়েকটি প্রতিষ্ঠানে চালু হবে, যার মধ্যে রয়েছে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
মন্ত্রী জানান, সপ্তাহে ছয় দিন ক্লাস হবে। এর মধ্যে তিন দিন সশরীরে ও তিন দিন অনলাইনে। শনি, সোম ও বুধবার সশরীরে ক্লাস এবং রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে। শিক্ষকেরা স্কুলে উপস্থিত হয়ে সশরীরে ক্লাস নেবেন। যেসব প্রতিষ্ঠানে প্রযুক্তিগত সক্ষমতা আছে, সেখানেই এ পদ্ধতি চালু হবে।
শিক্ষামন্ত্রী বলেন, জ্বালানি সংকট ও যানজটের কারণে শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াতের সমস্যা কমাতে এই সমন্বিত পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার জন্যও এটি প্রস্তুতি। তবে সব স্কুলে একযোগে নয়, সক্ষমতা বিবেচনায় ধাপে ধাপে চালু করা হবে।
এ সিদ্ধান্তের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাপ্তাহিক ছুটির দিন শনিবার বাতিল হয়ে যাচ্ছে। মন্ত্রণালয় আশা করছে, এ পদ্ধতি চালু হলে শিক্ষার মান বজায় রেখে জ্বালানি সাশ্রয় ও যানজট কমানো সম্ভব হবে।
মন্তব্য করুন