প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ
দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিমিইউ-৫ এ রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে আগামী কয়েক দিন ইন্টারনেট সেবায় ধীরগতি কিংবা আংশিক বিঘ্ন দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।
বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, কুয়াকাটায় স্থাপিত সিমিইউ-৫ ক্যাবল রক্ষণাবেক্ষণের জন্য কনসোর্টিয়াম ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক একটি কাজ হাতে নিয়েছে।
এই কার্যক্রম ৯ এপ্রিল রাত ১০টা থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত চলবে। মোট তিন দিন আট ঘণ্টা চলবে এই মেরামত কাজ।
বিএসসিপিএলসি জানায়, রক্ষণাবেক্ষণের সময় সিমিইউ-৫ ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। ফলে ব্যবহারকারীরা ইন্টারনেট সেবায় ধীরগতি বা আংশিক বিঘ্ন অনুভব করতে পারেন।
তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের অপর সাবমেরিন ক্যাবল সিমিইউ-৪ এর মাধ্যমে ইন্টারনেট সেবা স্বাভাবিকভাবেই চালু থাকবে। রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া দ্রুত শেষ করতে কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছে বিএসসিপিএলসি।
মন্তব্য করুন