প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদে ‘গণবিরোধী’ বলে অভিযোগ করা কয়েকটি বিল পাস হওয়ায় ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ ঘোষণা দেন। এরপর তিনি দলীয় সদস্যদের নিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন।
ওয়াকআউটের আগে স্পিকারের অনুমতি নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, “দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও কয়েকটি গণবিরোধী বিল আজ পাস করা হয়েছে। এর দায় আমরা নিতে চাই না। তাই জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করছি।”
ঘটনার সময় অধিবেশন পরিচালনা করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি প্রশ্ন করেন, “আপনারা যাচ্ছেন, না আবার ফিরে আসবেন?” লাইভ ভিডিওতে দেখা যায়, বিরোধী দলের সংসদ সদস্যরা আর ফিরে না এসে ওয়াকআউট করেই বেরিয়ে যান।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাঁড়িয়ে বলেন, “আমি ধন্যবাদ জানাতেই দাঁড়িয়েছি। শুরু থেকেই তারা সহযোগিতা করে আসছেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—সব সেশনেই অংশ নিয়েছেন। সব প্রক্রিয়ায় অংশগ্রহণ করার পর এখন বর্জনের কোনো মানে হয় না। তবুও অংশগ্রহণ করায় ধন্যবাদ। আশা করছি মাগরিবের পর আবার তাঁরা সংসদে যোগ দেবেন।”
মন্তব্য করুন