নাজমুল হুদা

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৯:৪৫ এ এম

অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থান

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আবু সাঈদ। ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের হত্যাকাণ্ডে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ বৃহস্পতিবার ৯ এপ্রিল ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই রায় দেওয়া হবে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মামলায় মোট ৩০ জন আসামির মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ ২৪ জন পলাতক রয়েছেন। গ্রেফতার রয়েছেন ছয়জন।

গ্রেফতার আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের বলেন, আবু সাঈদ জুলাই আন্দোলনের অন্যতম শহীদ। তিনি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যা সারা জাতি ও বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। জাতিসংঘের প্রতিবেদনেও এই হত্যার বিষয় উঠে এসেছে। তদন্তে অকাট্য প্রমাণ পাওয়া গেছে বলে প্রসিকিউশন আশা করছে, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে।

২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ভিডিওতে দেখা যায়, তিনি দুই হাত প্রসারিত করে সড়কে দাঁড়িয়ে ছিলেন এবং পুলিশ তাঁর বুকে একের পর এক গুলি করছিল। এই ঘটনা সারা দেশে ক্ষোভ ছড়িয়ে দেয় এবং আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়।

পলাতক আসামিদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মো. মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডলসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী। মামলায় ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আজকের রায় জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদের বিচার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন