বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৭:০০ পিএম

অনলাইন সংস্করণ

ক্যানসারের সঙ্গে লড়াই শেষে হলিউড অভিনেত্রী অ্যানাবেল স্কোফিল্ডের মৃত্যু

লন্ডন ফ্যাশনের একজন আইকনিক ফেস থেকে জনপ্রিয় হওয়া হলিউড অভিনেত্রী অ্যানাবেল স্কোফিল্ড মারা গেছেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

অ্যানাবেল স্কোফিল্ড ১৯৬৩ সালে যুক্তরাজ্যের ওয়েলসের ল্যানেলিতে জন্মগ্রহণ করেন। ১৯৮০-এর দশকে লন্ডনের ফ্যাশন অঙ্গনে তিনি অত্যন্ত পরিচিত ও আকর্ষণীয় মুখ হিসেবে পরিচিতি পান। টেলিভিশন বিজ্ঞাপনে তার স্মরণীয় উপস্থিতি তাকে আন্তর্জাতিক পরিসরেও আলোচনায় নিয়ে আসে।

ফ্যাশন জগত থেকে পরে অভিনয়ে পা রাখেন অ্যানাবেল স্কোফিল্ড। সিনেমা ইন্ডাস্ট্রির আশপাশে বেড়ে ওঠা এই অভিনেত্রী ১৯৯০-এর দশকে ‘রোমান্সিং দ্য স্টোন’, ‘জেরি ম্যাগুয়ার’ ও ‘অ্যাজ গুড অ্যাজ নাইট গেটস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আলোচিত হন।

তিনি প্রথম বড় পরিচিতি পান জনপ্রিয় মার্কিন ধারাবাহিক ‘ডালাস প্রাইমটাইম’-এর মাধ্যমে। সেখানে কিংবদন্তি অভিনেতা ল্যারি হ্যাগম্যানের বিপরীতে লরেল এলিস চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। এই চরিত্রই তাকে তারকাখ্যাতি এনে দেয়।

চলচ্চিত্রে তিনি ‘সোলার ক্রাইসিস’, ‘ড্রাগনার্ড’ ও ‘আই অব দ্য উইডো’ সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনা ক্ষেত্রেও কাজ করেছেন। পরে ‘দ্য ব্রাদার্স গ্রিম’, ‘ডুম’ ও ‘সিটি অব এম্বার’ চলচ্চিত্রের প্রযোজনা কাজে ক্যামেরার পেছনেও ভূমিকা রাখেন।

মন্তব্য করুন