প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বছর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাধীনতা ও দেশগঠনে সামগ্রিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হচ্ছে। জনপ্রশাসন ক্ষেত্রে কাজী ফজলুর রহমানকেও (মরণোত্তর) এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং মেজর মোহাম্মদ আব্দুল জলিলকে (মরণোত্তর) মনোনীত করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ড. জহুরুল করিম এবং চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ পুরস্কার পাচ্ছে।
সাহিত্য ও সংস্কৃতি বিভাগে সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) এবং সংস্কৃতিতে হানিফ সংকেত (এ কে এম হানিফ) ও বশির আহমেদকে (মরণোত্তর) মনোনীত করা হয়েছে।
সমাজসেবা ও জনসেবায় অবদানের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, মাহেরীন চৌধুরী (মরণোত্তর), এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্রকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে মোহাম্মদ আবদুল বাকী পিএইচডি, অধ্যাপক ড. এম এ রহিম এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াকে মনোনীত করা হয়েছে।
এ ছাড়া অন্যান্য বিভাগে ক্রীড়ায় জোবেরা রহমান লিনু, পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর হাতে এ পদক তুলে দেওয়া হবে।
মন্তব্য করুন