প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ দাবি জানান দলটির নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ড. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ নিয়ে জামায়াত আগেই বিভিন্ন অভিযোগ তুলেছে এবং কিছু আসনের বিষয়ে আদালতের দ্বারস্থও হয়েছে। এ প্রসঙ্গে তিনি দাবি করেন, গত বুধবার (৪ মার্চ) এ বিষয়ে তারা ‘রাজসাক্ষী’ পেয়েছেন, যিনি সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাই তাকে দ্রুত জিজ্ঞাসাবাদের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ড. তাহের আরও বলেন, নির্বাচনে অনিয়মে জড়িতদের তিনি ‘মীরজাফর’ বলে মনে করেন। তার ভাষ্য অনুযায়ী, এসব ব্যক্তি দেশের সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নষ্ট করেছেন। পুরো সরকার, নাকি সরকারের একটি অংশ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিল, তা জনগণের সামনে পরিষ্কার করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি কী ধরনের ষড়যন্ত্র হয়েছে, সেটিও জাতির সামনে তুলে ধরার দাবি জানান।
এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বর্তমান সরকারের মন্ত্রী খলিলুর রহমানকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি তোলেন তিনি। ড. তাহের বলেন, ‘যে কারণে তিনি পুরস্কৃত হয়ে বর্তমান বিএনপি সরকারের মন্ত্রী হয়েছেন। ওনারা অন্তর্বর্তী সরকারে থেকে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করেছেন। খলিলুর রহমানকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে।’
দেশে এখনো শান্তি-শৃঙ্খলা পুরোপুরি ফিরেনি বলেও দাবি করেন জামায়াতের এই নেতা। তার অভিযোগ, বিভিন্ন স্থানে নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে এবং হামলার কারণে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত আইনশৃঙ্খলা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তাদের রাজনীতির যে অংশ নারীবাদ, নারীর ক্ষমতায়ন ও সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সে অংশ নিয়ে কাজ করা প্রয়োজন এবং সেই শক্তিকে মূলধারায় আসতে না দেওয়ার বিষয়েও তিনি মন্তব্য করেন।
মন্তব্য করুন