প্রকাশিত: ১৬ ঘন্টা আগে, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
ইরানের রণক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিসাইল হামলা নিয়মিত ঘটনার রূপ নিচ্ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযানকে ‘আত্মরক্ষা’ হিসেবে উল্লেখ করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে এক গোলটেবিল বৈঠকে বলেন, “আমরা যদি দুই সপ্তাহের মধ্যে আঘাত না করতাম, তারা পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। পাগলাটে মানুষের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে খারাপ কিছু হতে পারে।” তিনি আরও বলেন, এই হামলা ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত করতে এবং যুক্তরাষ্ট্র ও মিত্রদের নিরাপত্তা রক্ষা করার উদ্দেশ্য নিয়েই করা হয়েছে।
ইরান দীর্ঘদিন ধরে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ বলে দাবি করছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক মঙ্গলবার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, সংস্থাটি এ বিষয়ে নিশ্চিত হতে পারছে না। তিনি বলেন, “ইরান পারমাণবিক বোমা তৈরি করছে—এমন কোনো সরাসরি প্রমাণ না থাকলেও, প্রায় অস্ত্রমাত্রার সমান সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় মজুদ এবং পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার না দেওয়া গভীর উদ্বেগের কারণ।”
আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ইরানের পারমাণবিক কর্মকাণ্ড এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিয়ে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক হুমকি দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
মন্তব্য করুন