আইটি ডেস্ক

প্রকাশিত: ৯ জুন, ২০২৬, ১১:৪৮ এ এম

অনলাইন সংস্করণ

‘ফরোয়ার্ডেড’ ট্যাগে সতর্কতা, বিভ্রান্তি ঠেকাতে হোয়াটসঅ্যাপের নতুন ব্যবস্থা

ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগে বহুল ব্যবহৃত WhatsApp-এ বার্তা ফরোয়ার্ড করার সময় ‘ফরোয়ার্ডেড’ বা ‘ফরোয়ার্ডেড মেনি টাইমস’ চিহ্ন যুক্ত করে ব্যবহারকারীদের সতর্ক করছে প্ল্যাটফর্মটি। একই বার্তা বহুবার শেয়ার হলে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতেই এ ব্যবস্থা চালু করা হয়েছে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, কোনো বার্তার ওপরে ‘ফরোয়ার্ডেড’ বা ‘ফরোয়ার্ডেড মেনি টাইমস’ ট্যাগ থাকলে বুঝতে হবে সেটি মূল প্রেরকের কাছ থেকে সরাসরি আসেনি; বরং এক বা একাধিকবার অন্যদের মাধ্যমে শেয়ার হয়েছে। ফলে ব্যবহারকারীরা বার্তাটি পুনরায় পাঠানোর আগে তথ্যের সত্যতা যাচাই করার সুযোগ পান।

বর্তমানে একটি বার্তা একসঙ্গে সর্বোচ্চ পাঁচজন ব্যক্তি বা গ্রুপে ফরোয়ার্ড করা যায়। তবে কোনো বার্তা যদি আগে বহুবার শেয়ার হয়ে থাকে, তখন সেটি পুনরায় ফরোয়ার্ড করার ক্ষেত্রে অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করা হয়।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, কোনো বার্তা প্রথমবার পাঠানোর পর অন্তত পাঁচবার ফরোয়ার্ড করা হলে তার সঙ্গে ‘ফরোয়ার্ডেড মেনি টাইমস’ চিহ্ন যুক্ত হয় এবং বার্তার পাশে দুটি তির চিহ্ন দেখা যায়। এর মাধ্যমে ব্যবহারকারীদের জানিয়ে দেওয়া হয় যে বার্তাটি ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

এ ধরনের নিরাপত্তাব্যবস্থা স্প্যাম ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার কমাতে সহায়ক ভূমিকা রাখে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ব্যবহারকারীদের আরও দায়িত্বশীলভাবে তথ্য শেয়ার করতে উৎসাহিত করে।

মেটা এআইয়ের মাধ্যমে ফরোয়ার্ড করা বার্তা যাচাইয়ের সুযোগও রয়েছে। ব্যবহারকারীরা চাইলে কোনো বার্তা সরাসরি মেটা এআইয়ের কাছে পাঠিয়ে সেটি সম্পর্কে প্রশ্ন করতে পারেন। তবে এ ক্ষেত্রে এআই কেবল ব্যবহারকারী যে বার্তাটি নিজে শেয়ার করবেন, সেটিই দেখতে পাবে। ব্যক্তিগত চ্যাটে আদান-প্রদান করা অন্য কোনো বার্তা Meta বা হোয়াটসঅ্যাপের পক্ষে দেখা সম্ভব নয়, কারণ এসব বার্তা এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকে।

মন্তব্য করুন