প্রকাশিত: ২৩ ঘন্টা আগে, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে এতে থাকা পাইলটরা নিরাপদ আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৮ জুন) রাতে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস প্রথম এ ঘটনার খবর প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালির নিকটবর্তী এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন একই দিনে ইসরাইল ও ইরান পরস্পরের ওপর পাল্টাপাল্টি হামলা চালায়। এর ফলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়ে যায় এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনাও অনিশ্চয়তার মুখে পড়ে।
তবে হেলিকপ্টারটি কোনো হামলার শিকার হয়েছিল কি না, নাকি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড-এর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
এদিকে চলমান উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
মন্তব্য করুন