বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৯ জুন, ২০২৬, ১০:২৯ এ এম

অনলাইন সংস্করণ

মা বলেছিলেন, ‘রাতারাতি সাফল্য ভয়ংকর’

ছবি: সংগৃহীত

পরিচালক মুদাসসর আজিজ নির্মিত নতুন ছবি ‘পতি পত্নী অউর ওহ দো’কে ঘিরে পরকীয়া উসকে দেওয়ার অভিযোগ নাকচ করেছেন অভিনেত্রী সারা আলী খান। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ছবিটি পুরোপুরি পারিবারিক এবং সব বয়সের দর্শকদের জন্য উপযোগী।

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘পতি পত্নী অউর ওহ’ ছবির ধারাবাহিকতায় নির্মিত এই চলচ্চিত্রটি মূলত ১৯৭৯ সালে সঞ্জীব কুমার অভিনীত একই নামের ছবির আধুনিক রূপান্তর। কমেডি অব এররস ঘরানার এই গল্পে ‘প্রজাপতি’ নামের এক চরিত্রকে কেন্দ্র করে কাহিনি এগিয়েছে, যেখানে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা।

ছবির নাম নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে সারা বলেন, ‘নাম শুনে অন্য কিছু মনে হতে পারে, কিন্তু আসলে এটা পুরো পরিবারের সঙ্গে বসে দেখার মতো ছবি। আপনার সন্তান বা দাদা-দাদির সামনে চোখ-কান বন্ধ করতে হবে না। অনেক দিন পর মনে হচ্ছে, এমন একটা ছবি আসছে, যেটা সবাই মিলে হলে গিয়ে উপভোগ করা যাবে।’

সহ-অভিনেতা আয়ুষ্মানের প্রশংসা করে তিনি বলেন, ‘ও সেটে সব সময় মজা করে আর পরিবেশটা ফুরফুরে রাখে। নিজেকে একদমই বেশি গুরুত্ব দেয় না। এটা ওর সঙ্গে আমার দ্বিতীয় ছবি।’

অভিনয়জীবনের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে সারা জানান, শুরুতে সহ-অভিনেতাকে নিয়ে তার ভিন্ন ধারণা ছিল। তিনি বলেন, ‘প্রথম ছবির সময় প্রথম কয়েক দিন আমি ওর সঙ্গে কথাই বলতাম না। ভাবতাম, ‘আয়ুষ্মান নিশ্চয়ই খুব সিরিয়াস ধরনের মানুষ। আমি কিছু বলব না। কিন্তু লক্ষ করে দেখলাম, ও ভীষণই মজার মানুষ, সবার সঙ্গে মজা করে। তখন ভাবলাম, ঠিক আছে, ও তো বেশ রসিক! তারপর আমরা একসঙ্গে হাসিঠাট্টা শুরু করি।’

নিজের ক্যারিয়ার নিয়ে আত্মসমালোচনার গুরুত্বও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি মনে করেন, গঠনমূলক সমালোচনা গ্রহণ করা প্রয়োজন, তবে অপ্রয়োজনীয় নেতিবাচক মন্তব্য এড়িয়ে চলাও জরুরি।

সারা বলেন, ‘আমি জানি, ক্যারিয়ারের একেবারে শুরুতেই আমি অনেক ভালোবাসা পেয়েছিলাম। খুব, খুব দ্রুত সবকিছু হয়েছিল। আর মা তখনই বলেছিলেন, এটা খুব ভয়ংকর, রাতারাতি সাফল্য ভয়ংকর। কারণ, সবকিছু রাতারাতি ঘটে গিয়েছিল। তারপর এমন দুটি ছবি এল, যেগুলো আমাকে সেই ভালোবাসা দেয়নি। আর সেটা আরও ভয়ংকর ছিল।’

তিনি আরও বলেন, ‘তখন আমি ভাবছিলাম, এটা কী হচ্ছে? কিন্তু ধীরে ধীরে বুঝেছি, যদি আপনি ভালো এবং সৎ ভাবে কাজ করেন, দর্শক আপনাকে সেই ভালোবাসা দেবেই।’

ক্যারিয়ারের উত্থান-পতন প্রসঙ্গে সারা বলেন, ‘কিছু ছবি দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি করবে, কিছু করবে না। আপনি শুধু সেরাটা আশা করতে পারেন এবং কাজ করে যেতে পারেন। চারপাশের কথাবার্তাকে মাথায় নিলে চলবে না; বরং ভাবতে হবে, এটা কী গঠনমূলক সমালোচনা? মানুষের কথায় কী কোনো সত্যি আছে? হয়তো আমাকে আরও সচেতন হতে হবে। হয়তো আমার ব্যক্তিত্ব এত বেশি জোরালো হওয়া উচিত নয় যে মানুষ আমাকে সিরিয়াসলি নিতেই না চায়। আমি এসবই ভাবি।’

বলিউডে নিজের যাত্রা প্রসঙ্গে তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘ভাবছিলাম, ওহ মাই গড, আমি তো সেদিন “কেদারনাথ”-এর কাজ করেছি। এখনো সব মনে আছে। সত্যিই অবিশ্বাস্য লাগে।’

উল্লেখ্য, সারা আলী খান ২০২৬ সালে হিন্দি চলচ্চিত্রে আট বছর পূর্ণ করেছেন। তার প্রথম ছবি ‘কেদারনাথ’-এ সহশিল্পী ছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সাম্প্রতিক সময়ে ‘স্কাই ফোর্স’ ও ‘মেট্রো ইন দিনো’ ছবিতে তাকে দেখা গেছে।

মন্তব্য করুন