স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৮ জুন, ২০২৬, ০৭:২৮ পিএম

অনলাইন সংস্করণ

বিসিবি পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন মীর শাকরুল আলম সীমান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত। সোমবার (৮ জুন) তিনি নবনিযুক্ত বোর্ডপ্রধান তামিম ইকবাল বরাবর পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ করেছেন।

এর আগে নির্বাচিত হলেও দায়িত্ব না নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন মীর সীমান্ত, এবং সেই সিদ্ধান্তই বাস্তবায়ন করলেন তিনি। নতুন পরিচালনা পর্ষদ গঠনের অল্প সময়ের মধ্যেই তার এই পদত্যাগ বিসিবির অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

মীর সীমান্ত ক্ষমতাসীন বিএনপি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর ছেলে। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পারিবারিক ব্যবসা-বাণিজ্যের বড় অংশের দায়িত্ব বর্তমানে তার ওপর ন্যস্ত রয়েছে।

বর্তমানে তিনি একাধিক ফিলিং স্টেশন, অটো রাইস মিল, পুষ্টি চাল প্রক্রিয়াজাত কারখানা, আয়োডিন উৎপাদন কেন্দ্র, পুষ্টি মিশ্রণ কারখানা, মিনি কোল্ড স্টোরেজ, কৃষি ও প্রাণী খামার এবং ফ্লাওয়ার মিলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের তদারকি করছেন।

পদত্যাগপত্রে মীর সীমান্ত লিখেছেন, ‘বিসিবি নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছি।

তবে আমার বাবা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় বর্তমানে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার ওপর ন্যস্ত রয়েছে। এ কারণে বিসিবির মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা আমার পক্ষে সম্ভব হবে না।’

তিনি আরও উল্লেখ করেন, দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন