আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৯:৫৫ এ এম

অনলাইন সংস্করণ

কারিবা হ্রদে ফেরি ডুবি: মৃত বেড়ে ৮৪

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের কারিবা হ্রদে যাত্রীবাহী একটি ফেরি ডুবে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৮৪ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল নতুন করে আরও লাশ উদ্ধার করায় প্রাণহানির সংখ্যা বাড়ে। এখনও নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

রোববার (১৬ আগস্ট) জিম্বাবুয়ের জাতীয় পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, সর্বশেষ চারটি লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, দেশটিতে সাম্প্রতিক সময়ের মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী নৌদুর্ঘটনা। গত মঙ্গলবার জাম্বিয়ার সীমান্তবর্তী এলাকায় প্রবল বাতাসের মধ্যে অতিরিক্ত যাত্রী বহনকারী ফেরিটি উল্টে যায়।

ফেরিটিতে প্রায় ১৫৩ জন যাত্রী ছিল বলে ধারণা করা হলেও এর অনুমোদিত ধারণক্ষমতা ছিল মাত্র ৯০ জন। দুর্ঘটনার সময় প্রকৃতপক্ষে কতজন যাত্রী ও নাবিক ছিলেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

ফেরিটি জিম্বাবুয়ের উত্তরাঞ্চলের কারিবা শহর থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত মৎস্যজীবী অধ্যুষিত এলাকায় যাচ্ছিল।

শনিবার স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, নিহতদের স্বজনরা লাশ শনাক্ত করতে একটি হাসপাতালের বাইরে ভিড় করছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৮ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া ঘটনাটিকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়ে বলেন, এই দুর্ঘটনা দেশের পরিবহন ব্যবস্থার গুরুতর ঘাটতিগুলো সামনে এনে দিয়েছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ফেরিতে থাকা যাত্রীদের সঠিক সংখ্যা নির্ধারণে তদন্ত চলছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন