প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৪৬ এ এম
অনলাইন সংস্করণ
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য আলোচনা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রয়েছে। এর মাধ্যমে গত সপ্তাহের ঊর্ধ্বমুখী প্রবণতাই ধরে রেখেছে তেলের বাজার।
রয়টার্সের তথ্যমতে, সোমবার (১৭ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১টা ২৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৫৫ ডলারে অপরিবর্তিত ছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১৪ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ২৬ ডলারে নেমে আসে।
এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামই ৫ শতাংশের বেশি বেড়েছিল। হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের তেলবাহী ট্যাংকারে হামলা এবং লোহিত সাগর উপকূলে সৌদি আরামকোর তেল শোধনাগারে হামলার ঘটনায় সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় এ দাম বৃদ্ধি পায়।
বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা তেলের দামে প্রভাব ফেললেও এখন পর্যন্ত বড় ধরনের সরবরাহ ব্যাঘাতের প্রমাণ না পাওয়ায় বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে।
সিঙ্গাপুরভিত্তিক ফিলিপ নোভা’র মার্কেট ইনসাইটস প্রধান প্রিয়াঙ্কা সচদেবা বলেন, আগস্টের শুরুর দিকের দরপতন থেকে তেলের দাম প্রায় পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদি সমাধানের সম্ভাবনা কমে যাওয়ায় বাজারে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব আবার বাড়ছে।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে নতুন করে বড় ধরনের সংঘাতের স্পষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত তেলের দাম আরও বাড়ার সম্ভাবনা সীমিত। বিশেষ করে তেলবাহী ট্যাংকার বা তেল অবকাঠামোয় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলে মূল্যবৃদ্ধির সুযোগ কম থাকবে।
মন্তব্য করুন