আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১০:০১ এ এম

অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন সিনেটর ভ্যান হোলেনের, ট্রাম্প প্রশাসনের সমালোচনা

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন। একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কঠোর সমালোচনা করেছেন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভ্যান হোলেন বলেন, মার্কিন সেনাসদস্যদের প্রতি ট্রাম্প ও হেগসেথের ‘উদাসীনতা লজ্জাজনক’। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ করছে না বলেও মন্তব্য করেন তিনি।

দীর্ঘ সময় ধরে সমুদ্রে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের সেনাসদস্যদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ভ্যান হোলেন। প্রায় নয় মাস ধরে টানা দায়িত্ব পালন, সীমিত বন্দরে যাতায়াত এবং পরিবারের কাছ থেকে দূরে থাকার কারণে ক্রুদের মধ্যে মানসিক চাপ তৈরি হয়েছে বলে জানান তিনি।

এ পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ভূমিকারও সমালোচনা করেন এই সিনেটর। তিনি বলেন, মার্কিন সামরিক সদস্য এবং তাদের পরিবার আরও ভালো ব্যবস্থাপনার দাবি রাখে। তাদের সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায় হলো যুদ্ধের অবসান ঘটানো।

এদিকে দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা আব্রাহাম লিংকনের পরিবর্তে নতুন করে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। এর ফলে লিংকনের ক্রুদের জন্য রোটেশনের সুযোগ তৈরি হয়েছে বলে জানা গেছে।

ইরান যুদ্ধ বন্ধে এর আগেও সক্রিয় ভূমিকা নিয়েছেন ভ্যান হোলেন। চলতি বছরের এপ্রিলে তিনি অন্য ডেমোক্র্যাট সিনেটরদের সঙ্গে কংগ্রেসে একটি ‘ওয়ার পাওয়ারস রিসলুশন’ উত্থাপন করেন, যার মাধ্যমে যুদ্ধ কার্যক্রম সীমিত করার উদ্যোগ নেওয়া হয়।

মন্তব্য করুন