প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৩১ এ এম
অনলাইন সংস্করণ
বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী বিরোধীদল হিসেবে আওয়ামী লীগের মতো আচরণ করছে। ভবিষ্যতে দলটি ক্ষমতায় গেলে ভিন্নমতের মানুষদের ন্যূনতম রাজনৈতিক পরিসরও দেওয়া হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
রোববার (১৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।
জামায়াত-শিবিরকে উদ্দেশ করে তিনি বলেন, ‘পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে, জামায়াত-শিবির পুরোপুরি জালিম সংগঠনে পরিণত হয়েছে।’ তিনি অভিযোগ করেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে এবং দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পেশিশক্তির প্রদর্শন করা হয়েছে।
রাশেদ খান বলেন, অতীতে বিরোধীদলকে ‘মজলুম ও বিনয়ী’ হিসেবে দেখা গেলেও বর্তমানে প্রধান বিরোধীদল হয়েই আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত। তার ভাষায়, ‘এরা ভবিষ্যতে ক্ষমতায় গেলে ভিন্নমতকে ন্যূনতম স্পেস দেবে না।’
গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি সংগঠনটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে দলটির ভেতরে জামায়াতমুখী প্রবণতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি দাবি করেন, জামায়াত-শিবিরের কর্মকাণ্ড সম্পর্কে এখন গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সচেতন হয়েছেন এবং দেশজুড়ে তাদের প্রতিবাদকে তিনি স্বাগত জানান।
রাশেদ খান আরও বলেন, গণঅধিকার পরিষদের নেতাদের টকশো বা বক্তব্যে জামায়াতপন্থী অবস্থান না নেওয়ার বিষয়ে সতর্ক থাকা উচিত। পাশাপাশি জামায়াতের মহাসচিবের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি এর তীব্র নিন্দা জানান।
দেশের গণতান্ত্রিক আন্দোলনে গণঅধিকার পরিষদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জামায়াতের তুলনায় তাদের অবদান বেশি ছিল। ‘জামায়াত যখন গুপ্ত ছিল, গণঅধিকার পরিষদ তখন রাজপথে ছিল’—এমন মন্তব্যও করেন তিনি।
জামায়াতের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খান বলেন, ‘আজকে তাদের আস্ফালন দেখে মনে হচ্ছে, তারাই সব করেছে; কিন্তু ইতিহাস তো বদলানো যায় না।’
মন্তব্য করুন