প্রকাশিত: ৩ আগষ্ট, ২০২৬, ১১:৫৬ এ এম
অনলাইন সংস্করণ
'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬' জাতীয় পর্যায়ের ফুটবল (বালক) প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে সুনামগঞ্জ জেলার কৃতি খেলোয়াড়রা বয়ে এনেছেন গৌরব ও সম্মান। জাতীয় পর্যায়ের এ আসরে সুনামগঞ্জের তরুণ ফুটবলারদের দুর্দান্ত পারফরম্যান্স ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
জেলা পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত মোট ৮টি ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ৯টি গোল ও ৫টি অ্যাসিস্ট করেন সুনামগঞ্জের প্রতিভাবান খেলোয়াড় নাফিজুজ্জামান জিহাদ। পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক ও দৃষ্টিনন্দন খেলার স্বীকৃতিস্বরূপ তিনি নির্বাচিত হয়েছেন 'ম্যান অব দ্য টুর্নামেন্ট'।
অন্যদিকে, প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে 'ম্যান অব দ্য ফাইনাল' পদক অর্জন করেছেন সুনামগঞ্জের আরেক কৃতি খেলোয়াড় আরমান খান জিসান। গুরুত্বপূর্ণ এ ম্যাচে তাঁর নৈপুণ্য দলের সাফল্যের পথ সহজ করে।
'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬' জাতীয় পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় সিলেট অঞ্চলের দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন সুনামগঞ্জের খেলোয়াড় মোঃ সায়েম আহমেদ। তাঁর যোগ্য নেতৃত্বে দল মাঠে আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ ফুটবল উপহার দেয়। একই সঙ্গে দলের ম্যানেজারের দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ সোহাগ মিয়া।
সুনামগঞ্জের এই গৌরবোজ্জ্বল অর্জনে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান খেলোয়াড়, কোচ, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি তরুণ খেলোয়াড়দের এমন সাফল্যকে জেলার ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনামগঞ্জের নাম আরও উজ্জ্বল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় পর্যায়ে সুনামগঞ্জের ফুটবলারদের এই সাফল্য জেলার ক্রীড়াঙ্গনের জন্য একটি মাইলফলক। তরুণ খেলোয়াড়দের এমন নৈপুণ্য নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে সুনামগঞ্জ থেকে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।
সুনামগঞ্জের এই গৌরবময় অর্জনে খেলোয়াড়, কোচ, ক্রীড়া সংগঠক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর অভিনন্দন জানিয়েছেন জেলার ক্রীড়াপ্রেমীরা।
মন্তব্য করুন