তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২৬ মিনিট আগে, ০৫:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

ল্যাবে মানহীন প্রমাণিত হওয়ায় ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী গুণগত মান পূরণে ব্যর্থ হওয়ায় ১০টি পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে এসব পণ্যের উৎপাদকদের প্রদত্ত লাইসেন্স কেন বাতিল করা হবে না, তার ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

সম্প্রতি বিএসটিআইয়ের নিয়মিত সার্ভিল্যান্স কার্যক্রমের আওতায় বাজার থেকে সংগৃহীত বিভিন্ন ব্র্যান্ডের পণ্য নিজস্ব আন্তর্জাতিক মানের ল্যাবরেটরিতে পরীক্ষা করা হলে এই মানহীনতার চিত্র উঠে আসে। বুধবার এক বিজ্ঞপ্তিতে নিম্নমানের প্রমাণিত এসব পণ্য কেনা থেকে বিরত থাকতে ভোক্তাদের বিশেষ পরামর্শ দিয়েছে সংস্থাটি।

পরীক্ষার তথ্য বিবরণীতে জানানো হয়, বম্বে সুইটস অ্যান্ড কোং লিমিটেডের উৎপাদিত কারি পাউডার হাঁসের মাংসের মসলা, তেহারি মসলা, কালা ভুনা মসলা, গরুর মাংসের মসলা এবং মাছের মসলা—এই পাঁচটি পণ্যের নির্ধারিত ব্যাচে অতিরিক্ত অ্যাশ ও লবণের উপস্থিতি মেলায় অকৃতকার্য হয়েছে।

অন্যদিকে, নির্ধারিত মাত্রায় মিল্ক ফ্যাট না থাকা এবং ক্ষতিকর উপাদান ব্যবহারের প্রমাণ মিলেছে কয়েকটি পরিচিত ঘি ও বাটার অয়েল ব্র্যান্ডে। এর মধ্যে বাঘাবাড়ি প্রিমিয়াম ঘি কোম্পানির ‘বাঘাবাড়ি’ ব্র্যান্ডের ঘি, কিশোরগঞ্জ ফুড প্রোডাক্টসের ‘অরুন বাঘাবাড়ী’ ঘি, মেসার্স মামুন ফুড প্রোডাক্টের ‘নিউ রাঁধুনী’ ও ‘সিটি’ ব্র্যান্ডের ঘি এবং এলডার্স ফুড প্রোডাক্টসের ‘এলডার্স’ ব্র্যান্ডের বাটার অয়েলে রিফ্র্যাকটিভ ইনডেক্স, আয়োডিন ভ্যালু ও স্যাপোনিফিকেশন ভ্যালু নির্ধারিত মানদণ্ডের বাইরে পাওয়া গেছে। এমনকি বাঘাবাড়ির ঘিতে পাম অলিন ও বনস্পতি ব্যবহারের প্রমাণ মিলেছে।

ভোক্তা স্বার্থ ও পণ্যের মান নিশ্চিতকরণ নিয়ে বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, "জাতীয় মান অনুযায়ী পণ্যের গুণগত মান বজায় রাখা প্রতিটি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের আইনগত ও নৈতিক দায়িত্ব। কোনো প্রতিষ্ঠান এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে বিএসটিআই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। বিএসটিআই পণ্যের মান সনদ প্রদানের পাশাপাশি নকল ও ভেজাল রোধে সার্ভিল্যান্সের মাধ্যমে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।"

সংস্থার মহাপরিচালক ভোক্তাদের বিএসটিআই মানচিহ্ন ও মেয়াদ যাচাই করে পণ্য ক্রয়ের তাগিদ দেন। পণ্যসংক্রান্ত যেকোনো প্রতারণা বা ভেজালের অভিযোগ সরাসরি হটলাইন ১৬১১৯ নম্বরে অথবা ই-মেইলের মাধ্যমে বিএসটিআইকে জানাতে নাগরিকদের অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন