প্রকাশিত: ৩২ মিনিট আগে, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
তিব্বত সীমান্ত থেকে নেমে আসা আকস্মিক ও ভয়াবহ পাহাড়ি ঢলে নেপালে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১০৫ জন ভারতীয় নাগরিকসহ ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। পাহাড়ি পানির প্রাবল্যে দেশের সীমান্তবর্তী কয়েকটি গ্রাম ও অবকাঠামো পুরোপুরি প্লাবিত হয়েছে।
বুধবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নেপালের নুয়াকোট ও ধাদিং জেলার ওপর দিয়ে প্রবাহিত ভোতে কোশি নদীতে হঠাৎ এই পানির জোয়ার আসে। তিব্বত অংশ থেকে পাহাড়ি ঢলের সঙ্গে প্রাবল্যে নেমে আসা এই আকস্মিক বন্যায় ভাসিয়ে নিয়ে যায় স্থানীয় জনপদ।
নেপাল পুলিশের কেন্দ্রীয় মুখপাত্র পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অবিনারায়ণ কাফলে স্থানীয় মাধ্যম ‘নেপাল নিউজ’-কে বলেন, "এখন পর্যন্ত নুয়াকোট ও ধাদিং জেলা থেকে অন্তত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।"
এদিকে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে দুর্যোগকবলিত এলাকাগুলোতে। নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য উদ্ধৃত করে জানানো হয়, বন্যাকবলিত অঞ্চলগুলো থেকে অন্তত ৩৮৪ জন পর্যটকের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক এবং ৯৩ জন নেপালের বাসিন্দা। উদ্ধারকাজে নিযুক্ত পুলিশ জানিয়েছে, নিখোঁজ বিদেশিদের তালিকায় ১০৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন।
প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নিরাপত্তা কর্মীরাও চরম ঝুঁকিতে পড়েছেন। রসুয়া জেলায় দায়িত্বরত নেপাল পুলিশের অন্তত ২৬ সদস্য এবং সশস্ত্র পুলিশ বাহিনীর ৭ সদস্য এখনো নিখোঁজ রয়েছেন বলে প্রশাসন জানিয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগপূর্ণ এলাকায় দ্রুত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। নেপাল সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ক্ষতিগ্রস্ত অঞ্চলে অনুসন্ধানের জন্য হেলিকপ্টার ও বিশেষ উদ্ধারকারী দল পাঠানো হয়েছে এবং সার্বিক ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের কাজ দ্রুতগতিতে চলছে।
মন্তব্য করুন