প্রকাশিত: ২৭ মিনিট আগে, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ
দেশের কোনো নাগরিক অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রয়োজন অনুযায়ী নাগরিকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করবে।
বুধবার দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে এমপি বানিয়ে মন্ত্রিত্ব হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি আজ আপনাদের সব কথা শোনার জন্য আপনাদের কাছে এসেছি।"
দলের সার্বিক সাংগঠনিক বিকাশ ও আদর্শ প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী। তিনি উল্লেখ করেন, "আপনারা যারা বিএনপির একনিষ্ঠ কর্মী রয়েছেন, তারা প্রত্যেকেই দলের জন্য অনেক ত্যাগের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, দেশের তৃণমূল পর্যায়ে পাড়া-মহল্লা ও প্রত্যেকটি ওয়ার্ডে বিএনপির কর্মী সংখ্যা বাড়াতে হবে। যোগ্য লোকদের বিএনপির কর্মী হিসেবে দলে যুক্ত করতে হবে। বিএনপি একা চলার দল নয়। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে বিএনপির পতাকাতলে নিয়ে আসার নাম হচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপি।"
সংগঠনের ভাবমূর্তি বজায় রাখতে নেতাকর্মীদের সহনশীল আচরণের তাগিদ দেওয়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, "গ্রাম-গঞ্জের যেসব দরিদ্র পরিবারের শিশুরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না বা স্কুলে যাচ্ছে না, আপনারা তাদের চিহ্নিত করুন এবং তাদের পাশে গিয়ে দাঁড়ান। সরকার তাদের আর্থিক সহায়তা দিয়ে পড়াশোনা করিয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে..."
বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষার অধিকার নিশ্চিত করতে এবং রোগীদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে বর্তমান সরকার সব ধরনের সামাজিক সুরক্ষা ও সরকারি সহায়তা অব্যাহত রাখবে বলে পুনর্ব্যক্ত করেন ডা. জাহিদ।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফিরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী সম্মেলনে জেলা, উপজেলা ও বিভিন্ন অঙ্গ সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং মাঠ পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মন্তব্য করুন