তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:২৯ পিএম

অনলাইন সংস্করণ

তারেক রহমান আমাদের কাজী নজরুল: চিফ হুইপ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কবি নজরুলের তুলনা করেছেন সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, কবি নজরুল তার সৃষ্টির মধ্য দিয়ে চিরকাল বেঁচে আছেন, আর রাজনৈতিক পরিমণ্ডলে ‘আমাদের নজরুল হলেন তারেক রহমান’।

সোমবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত সভায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।

বক্তব্যে প্রধান হুইপ তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যে দেশকে বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। ক্ষমতা গ্রহণের পরপরই মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধের প্রভাব কাটিয়ে পেট্রল পাম্পের কৃত্রিম লাইন নিয়ন্ত্রণ এবং বৈশ্বিক চাপ সামলে দেশের জ্বালানি ব্যবস্থাপনা সচল রেখেছেন তিনি।”

বিদ্যুৎ সংকট ও সাম্প্রতিক আন্দোলন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, কিছু মানুষ সমাজে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। হারিকেন নিয়ে আন্দোলনের উদাহরণ টেনে তিনি এই প্রতিবাদকে ‘দ্বৈত মানদণ্ড’ বলে উল্লেখ করেন এবং সরকার যে আন্তরিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছে তা অনুধাবনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উভয়ের দূরদর্শী নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে নূরুল ইসলাম মনি মন্তব্য করেন, “এমন সহানুভূতিশীল নেতা পেয়ে বাংলাদেশ ভাগ্যবান। আমরা যদি এই নজরুলকে হারাই, তবে বাংলাদেশ আর এমন নেতা ফিরে পাবে না।” বক্তব্যের শেষে তিনি দেশের সার্বভৌমত্ব ও উন্নয়ন নিশ্চিত করতে দেশবাসীকে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন