তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:১৭ পিএম

অনলাইন সংস্করণ

কেবল অ্যান্টিবায়োটিক নয়, রোগ চিকিৎসায় সংক্রমণ প্রতিরোধেই অগ্রাধিকার চান স্বাস্থ্যমন্ত্রী

দেশের হাসপাতালগুলোতে চিকিৎসার ক্ষেত্রে শুধুমাত্র অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভরতা কমিয়ে সার্বিক সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে (Infection Prevention and Control) দ্রুত একটি কার্যকর কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বড় ধরনের রোগ বা স্বাস্থ্য ঝুঁকি এড়াতে চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত 'সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ' বিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এই নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

বক্তব্যে মন্ত্রী উল্লেখ করেন, হাসপাতালে রোগীদের সংক্রমণ মুক্ত রাখতে হলে দীর্ঘমেয়াদী ও ধারাবাহিকভাবে পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের ব্যবহারই একমাত্র সমাধান নয়, বরং সাধারণ মানুষ ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাথমিক পর্যায়েই সংক্রমণ রুখে দেওয়া বেশি কার্যকর।

সেমিনারে অন্য বক্তাদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বক্তব্য রাখেন। তিনি বলেন, হাসপাতালগুলোতে সংক্রমণ রোধের জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিতের পাশাপাশি চিকিৎসাকেন্দ্রগুলোর সার্বিক বর্জ্য ব্যবস্থাপনার মান উন্নত করার বিকল্প নেই। এই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় কেবল সরকারি হাসপাতালেই নয়, দেশের সকল বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানকেও কঠোর নীতিমালার অধীনে আনার তাগিদ দেন তিনি।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ ও বিশেষ কারিগরি বিষয় উপস্থাপন করেন সিঙ্গাপুরের 'সিংহেলথ'-এর সংক্রমণ প্রতিরোধ বিভাগের পরিচালক ও সহযোগী অধ্যাপক লিং ময় লিন। সেমিনারে উপস্থিত চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা জোরদার করতে নীতিগত পরিবর্তনের আহ্বান জানান।

মন্তব্য করুন